Friday, October 30, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য চন্দ্রপুরে মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

চন্দ্রপুরে মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

চন্দ্রপুরে মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

ফার্মাসিউটিক্যাল শিক্ষায় নতুন সুযোগ, রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পরিসর আরও সম্প্রসারিত হবে: মুখ্যমন্ত্রী মানিক সাহা

উচ্চশিক্ষার পরিকাঠামোয় আরও এক নতুন সংযোজন হল ত্রিপুরায়। শুক্রবার বিকেলে উদয়পুরের মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, স্থানীয় বিধায়ক অভিষেক দেব রায়সহ জেলা প্রশাসনের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান চালুর ফলে চন্দ্রপুর এলাকার উন্নয়নের পাশাপাশি রাজ্যের ছাত্রছাত্রীদের সামনে উচ্চশিক্ষার আরও একটি নতুন সুযোগ তৈরি হল। শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিনিয়োগ করে চলেছে, যাতে রাজ্যের ছেলেমেয়েরা উন্নতমানের শিক্ষার সুযোগ পেতে পারে।

তিনি আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এলাকাবাসীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোনও পড়ুয়া যাতে মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয়, সেদিকে সকলকে নজর রাখার পরামর্শ দেন তিনি।

এদিন বক্তব্যে মুখ্যমন্ত্রী রাজ্যের নার্সিং শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি জানান, আগরতলা সরকারি নার্সিং কলেজ এবং ডা. বি.আর. আম্বেদকর মেমোরিয়াল নার্সিং স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারকে সম্প্রতি দুর্জয়নগরে একই ভবনে স্থানান্তর করা হয়েছে। এর ফলে নার্সিং শিক্ষার ক্ষেত্রে সমন্বিত ও উন্নত পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে।

নতুন এই ফার্মাসিউটিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর মধ্য দিয়ে চন্দ্রপুরে শিক্ষার পরিকাঠামো আরও সম্প্রসারিত হল। পাশাপাশি রাজ্যের ফার্মাসিউটিক্যাল শিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha