Sunday, November 8, 2026
Duga Puja 2026
বাড়ি দেশ দেশ-বিদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে দীপাবলি

দেশ-বিদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে দীপাবলি

দেশ-বিদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে দীপাবলি

আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর; অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় এবং সম্প্রীতির বার্তা নেতৃবৃন্দের।

আলোর উৎসব দীপাবলি উপলক্ষে দেশজুড়ে এবং বিদেশেও উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে দীপাবলি। এই শুভ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর শুভেচ্ছাবার্তায় দীপাবলিকে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই উৎসব দুঃখ-কষ্টের অবসান ঘটিয়ে আনন্দ, সুখ ও সমৃদ্ধির নতুন সূচনার বার্তা বহন করে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং বিকশিত ভারত গঠনে প্রত্যেক নাগরিককে অবদান রাখার আহ্বান জানিয়েছেন তিনি। দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধিও কামনা করেছেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও দেশবাসীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত বার্তায় তিনি বলেন, অন্ধকারের উপর আলোর, অশুভের উপর শুভর এবং মিথ্যার উপর সত্যের চিরন্তন জয়কে উদযাপন করে দীপাবলি। এই উৎসব 'সত্যমেব জয়তে'—অর্থাৎ সত্যেরই জয় হয়—এই চিরন্তন আদর্শের কথা স্মরণ করিয়ে দেয়। প্রতিটি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসার পাশাপাশি মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আলোর এই উৎসব গোটা দেশকে আলোকিত করার পাশাপাশি অন্ধকারকে জয় করার সংকল্পের প্রতিফলন ঘটায়। প্রত্যেকের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদি তাঁর দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে এ বছরও দীপাবলি উপলক্ষে দেশের সশস্ত্র বাহিনীর সাহসী জওয়ানদের সঙ্গে উৎসব উদযাপন করবেন।

আলোর এই উৎসবকে ঘিরে দেশজুড়ে আনন্দের আবহের মধ্যেই রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে ঐক্য, সম্প্রীতি, পরিবেশ সুরক্ষা এবং সত্য ও ন্যায়ের পথে এগিয়ে চলার বার্তা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha