আগামীকাল সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ। ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সন্ধ্যার মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।
আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে মধ্য বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ আরও বেড়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে সমুদ্রে থাকা সমস্ত মৎস্যজীবীকে অবিলম্বে উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে IMD। আগামীকাল আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের সতর্কতাপ্রাপ্ত এলাকাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে, আজ রাজস্থান ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া আজ পশ্চিম উত্তরপ্রদেশের কিছু বিচ্ছিন্ন এলাকায় ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে দেশের একাধিক রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান