আদিবাসী ঐতিহ্য, ইতিহাস ও বীরত্বকে সম্মানের সঙ্গে স্মরণ করছে দেশ। জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে প্রায় ৩ হাজার কোটি টাকার ২৪৬টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর।
জনজাতীয় গৌরব দিবস (Janjatiya Gaurav Diwas) এখন আর শুধু একটি বিশেষ দিন নয়, বরং তা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। ২০২১ সালের ১৫ নভেম্বর প্রথমবার এই দিবস পালনের সূচনা হয়েছিল। শনিবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী বলেন, একটা সময় দেশের বিভিন্ন দিবস ও উৎসবের গুরুত্ব নির্ধারিত হতো বিদেশি দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। কিন্তু বর্তমানে ভারত নিজের ঐতিহ্য, ইতিহাস এবং বীর সন্তানদের আত্মমর্যাদার সঙ্গে স্মরণ করছে। জাতীয় চেতনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে উল্লেখ করেন তিনি।
দেশের দুটি উল্লেখযোগ্য সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, দেশের প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। পাশাপাশি নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাসের প্রভাব থেকেও দেশ মুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
মোদি বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়নের নিরিখে পিছিয়ে থাকা অঞ্চলগুলির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের ১০০টিরও বেশি আকাঙ্ক্ষী জেলা এবং ৫০০টি আকাঙ্ক্ষী ব্লকে বিশেষ উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জনজাতি অধ্যুষিত এলাকাও রয়েছে। কৃষিক্ষেত্রে পিছিয়ে থাকা ১০০টি জেলাকে বিশেষ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী কৃষি ধন-ধান্য যোজনার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম বক্তব্য রাখেন। পাশাপাশি নির্বাচিত কয়েকজন জনজাতি উপভোক্তার সঙ্গে সরাসরি মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
এই অনুষ্ঠানে জনজাতি সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা এবং পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ২৪৬টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১৭৩টি প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে জনজাতি পড়ুয়াদের জন্য ৩৮টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় এবং প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান (PM-JANMAN)-এর অধীনে ১০০টি বহুমুখী কেন্দ্র।
এছাড়াও ১৯টি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয় এবং ১২টি জনজাতি বহুমুখী বিপণন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। PM-JANMAN এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের (DAJGUA) অধীনেও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়। এই দুই কর্মসূচির আওতায় আরও ৪২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
জনজাতি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে অরুণাচল প্রদেশের ইটানগরে ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের নতুন ভবন এবং মিজোরামে রোপুইলিয়ানি ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়ামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে দেশজুড়ে পালিত জনজাতীয় গৌরব পক্ষের সমাপ্তি উপলক্ষেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনজাতি সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদানকে জাতীয় স্তরে তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান