আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক জোরদারে বিশেষ গুরুত্ব। ১৭ নভেম্বর ২৩তম আসিয়ান-ভারত সম্মেলন ও ২১তম ইস্ট এশিয়া সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
ম্যানিলা: ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আনুষ্ঠানিকভাবে শুরু হল ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকগুলি। ম্যানিলার ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র। চলতি বছরে আসিয়ানের সভাপতিত্বের দায়িত্বে রয়েছে ফিলিপিন্স। তিন দিনব্যাপী এই সম্মেলনের মূল ভাবনা— ‘Navigating Our Future, Together’।
সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সংলাপ সহযোগী দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।
এদিকে, ১৬ থেকে ১৭ নভেম্বর ফিলিপিন্স সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৭ নভেম্বর ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম ইস্ট এশিয়া সামিটে অংশ নেবেন তিনি। এই সফরের মাধ্যমে আসিয়ানের সঙ্গে ভারতের বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি চিহ্নিত করার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
ভারতের বিদেশনীতি এবং ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ আসিয়ান। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সামুদ্রিক সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ম্যানিলার এই সম্মেলন ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান