স্বাধীনতা দিবসের আগে অরুণাচল প্রদেশের নামটক থানা এলাকায় আসাম রাইফেলসের জওয়ানদের লক্ষ্য করে উগ্রবাদীদের হামলার ঘটনা ঘটেছে। ভোররাত আনুমানিক ৩টা থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে হামলা শুরু হয়। এরপর প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় চলে।
সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে উগ্রবাদীরা হামলা চালাতে পারে—এমন গোয়েন্দা সতর্কবার্তা আগে থেকেই ছিল। সেই কারণে নিরাপত্তারক্ষীরাও সতর্ক অবস্থায় ছিলেন। হামলা শুরু হলে আসাম রাইফেলসের জওয়ানরা দ্রুত পাল্টা গুলি চালান। তীব্র প্রতিরোধের মুখে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কোনো জওয়ান হতাহত হননি। নিরাপত্তা বাহিনীর কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ঘটনার পরপরই নামটক থানা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে যৌথ তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। আসাম রাইফেলস, সিআরপিএফ এবং অরুণাচল প্রদেশ পুলিশের যৌথ বাহিনী এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। পালিয়ে যাওয়া হামলাকারীদের সন্ধানে অভিযান আরও জোরদার করা হয়েছে।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই হামলার ঘটনায় সীমান্তবর্তী ও সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান