Sunday, November 29, 2026
Duga Puja 2026
বাড়ি উত্তর পূর্বাঞ্চল লামডিং-বদরপুর রেলপথে বিপর্যয়, ২০ নম্বর টানেলে মালগাড়ির ওয়াগন লাইনচ্যুত

লামডিং-বদরপুর রেলপথে বিপর্যয়, ২০ নম্বর টানেলে মালগাড়ির ওয়াগন লাইনচ্যুত

লামডিং-বদরপুর রেলপথে বিপর্যয়, ২০ নম্বর টানেলে মালগাড়ির ওয়াগন লাইনচ্যুত

শুক্রবার রাতে টানেলের ভিতরে দুর্ঘটনা, ব্যাহত রেল পরিষেবা। শনিবার বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত। দুর্ভোগে যাত্রীরা।

লামডিং-বদরপুর রেলপথে বড়সড় বিপর্যয়। শুক্রবার রাতে ২০ নম্বর টানেলের ভিতরে একটি মালগাড়ির ট্যাংক ওয়াগন লাইনচ্যুত হওয়ার জেরে গোটা রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এই দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তর-পূর্ব ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রেল পরিষেবায়। শনিবার বেশ কয়েকটি ট্রেন সম্পূর্ণ বাতিল করার পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে বাতিল করা হয়েছে।

রেল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ১০টা ১৫ মিনিটে বিএক্সকে থেকে মালগাড়িটি যাত্রা শুরু করেছিল। রাত ১০টা ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনার খবর পায় রেল কর্তৃপক্ষ। এরপর পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়। শনিবার ভোর ২টা ২০ মিনিট থেকে শুরু হয় উদ্ধার ও লাইন পরিষ্কারের কাজ।

এই দুর্ঘটনার জেরে শনিবার বাতিল করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। বাতিলের তালিকায় রয়েছে আগরতলা থেকে এসএমভিবি যাওয়ার ট্রেন এবং শিয়ালদহ থেকে সাব্রুমগামী ট্রেন। পাশাপাশি গুয়াহাটি-শিলচর, শিলচর-রঙ্গিয়া, নয়াদিল্লি-শিলচর এবং গুয়াহাটি-শাইরাং রুটের ট্রেনও বাতিল করা হয়েছে।

অন্যদিকে, কয়েকটি ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ্গিয়া-শিলচর, নওগাঁও-আগরতলা, আরকেএমপি-আগরতলা এবং আগরতলা-নওগাঁও রুটের ট্রেন।

হঠাৎ করে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। বিশেষ করে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের এসএমএস এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে ট্রেন বাতিল ও যাত্রাপথের পরিবর্তন সংক্রান্ত আপডেট জানাচ্ছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও রেললাইন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। কবে নাগাদ লামডিং-বদরপুর শাখায় সম্পূর্ণ স্বাভাবিক হবে ট্রেন চলাচল, এখন সেদিকেই তাকিয়ে যাত্রী মহল।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha