Sunday, November 8, 2026
Duga Puja 2026
বাড়ি উত্তর পূর্বাঞ্চল শিলচরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে গণআন্দোলন, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

শিলচরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে গণআন্দোলন, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

শিলচরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে গণআন্দোলন, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

১৯৭২ সাল থেকে ঝুলে থাকা দাবি পূরণের লক্ষ্যে ফের রাজপথে বরাকবাসী, দ্রুত বিচারপ্রাপ্তির স্বার্থে শিলচরেই স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার জোরালো দাবি।

বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে ফের জোরালো আন্দোলনে নামলেন আইনজীবী, ছাত্রছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। শিলচরে স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন তাঁরা।

এদিন শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে সমবেত হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সেখান থেকে একটি মিছিল করে কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ে পৌঁছান তাঁরা। সেখানে অসমের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।

আন্দোলনকারীদের বক্তব্য, ১৯৭২ সাল থেকেই বরাক উপত্যকায় হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন এই অঞ্চলের মানুষ। বর্তমানে কাছাড়, করিমগঞ্জ (শ্রীভূমি), হাইলাকান্দি এবং ডিমা হাসাও—এই চার জেলার ৫,০০০-এরও বেশি মামলা গৌহাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। ফলে বিচারপ্রার্থীদের সামান্য আইনি প্রয়োজনেও গুয়াহাটি পর্যন্ত যেতে হয়। এতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে আর্থিক বোঝাও বাড়ছে সাধারণ মানুষের উপর।

তাঁদের মতে, শিলচরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হলে বরাক উপত্যকা ও সংলগ্ন এলাকার মানুষ অনেক সহজে, কম সময়ে এবং সাশ্রয়ী খরচে বিচার পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই উদ্যোগ।

আন্দোলনকারীরা আরও জানান, এই দাবি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের নয়। এটি সমগ্র বরাক উপত্যকার মানুষের ন্যায্য অধিকার ও বৃহত্তর জনস্বার্থের সঙ্গে জড়িত। তাই দলমত নির্বিশেষে সকলকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তাঁরা।

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই দাবির দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা। এখন দেখার, বরাকবাসীর এই দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার কী পদক্ষেপ গ্রহণ করে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha