বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ১৬টি পুর ও নগর সংস্থায় সম্পন্ন ভোটগ্রহণ। অমরপুরে ৮৭.৯০ শতাংশ ভোট পড়লেও আগরতলা পুর নিগমে ভোটদানের হার ৭৩.৯৮ শতাংশ।
বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শুক্রবার নির্বিঘ্নেই সম্পন্ন হল ত্রিপুরার পুর ও নগর সংস্থার নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন শেষে রাজ্যে চূড়ান্ত ভোটদানের হার দাঁড়িয়েছে ৭৬.৯৪ শতাংশ। তবে ভোটদানের হারে বিভিন্ন পুর ও নগর সংস্থার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে গোমতী জেলার অমরপুর নগর পঞ্চায়েতে। অন্যদিকে, সর্বনিম্ন ভোটদানের রেকর্ড গড়েছে আগরতলা পুর নিগম।
নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অমরপুর নগর পঞ্চায়েতে ভোট পড়েছে ৮৭.৯০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে তেলিয়ামুড়া পুর পরিষদ, যেখানে ভোটদানের হার ৮৭.৭৮ শতাংশ। বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতে ৮৬.১১ শতাংশ, সাব্রুম নগর পঞ্চায়েতে ৮৬.০৩ শতাংশ এবং বিলোনিয়া পুর পরিষদে ৮৬ শতাংশ ভোট পড়েছে।
এছাড়াও মেলাঘর পুর পরিষদে ৮৫.৪৪ শতাংশ, উদয়পুর পুর পরিষদে ৮৪.৫৯ শতাংশ, আমবাসা পুর পরিষদে ৮৩.৭১ শতাংশ এবং সোনামুড়া নগর পঞ্চায়েতে ৮৩.১২ শতাংশ ভোট পড়েছে।
খোয়াই পুর পরিষদে ভোটদানের হার ৮২.৮৮ শতাংশ। কুমারঘাট পুর পরিষদে ৮১.৩৪ শতাংশ, পানিসাগর নগর পঞ্চায়েতে ৮১.২৪ শতাংশ এবং বিশালগড় পুর পরিষদে ৮০.১২ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, কৈলাসহর পুর পরিষদে ভোটদানের হার ৭৬.৯২ শতাংশ এবং ধর্মনগর পুর পরিষদে ৭৫.৪৯ শতাংশ।
সবচেয়ে কম ভোট পড়েছে রাজধানী আগরতলা পুর নিগমে। এখানে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬০ হাজার ৭২ জন। তাঁদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লক্ষ ৬৬ হাজার ৩৭৫ জন। ফলে আগরতলায় চূড়ান্ত ভোটদানের হার দাঁড়িয়েছে ৭৩.৯৮ শতাংশ।
উল্লেখযোগ্যভাবে, সর্বোচ্চ ভোটদানের হার অমরপুরের সঙ্গে সর্বনিম্ন ভোটদানের হার আগরতলার ব্যবধান ১৩.৯২ শতাংশ।
এদিকে, ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে এলেও মোটের উপর ১৬টি পুর ও নগর সংস্থায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ভোট চলাকালীন বিভিন্ন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও দাবি প্রশাসনের।
সব মিলিয়ে রাজ্যের পুর নির্বাচনে ৭৬.৯৪ শতাংশ ভোটদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে ভোটদানের হারে রাজধানী আগরতলার পিছিয়ে থাকা এবং ছোট পুর ও নগর পঞ্চায়েতগুলিতে তুলনামূলক বেশি ভোট পড়া রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান