মোদী সরকারের উদ্যোগে মহিলা সংরক্ষণ বিল ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ। শর্তসাপেক্ষে সমর্থনের ইঙ্গিত ডিএমকে-র, শরদ পাওয়ারের এনসিপির সমর্থন নিয়েও আশাবাদী কেন্দ্র।
অবশেষে সংসদে পাশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল। এই বিল পাশ করাতে প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন জোগাড়ে তৎপরতা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বিরোধী শিবিরের কয়েকটি দলের সঙ্গে সমর্থন আদায়ের বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
সূত্রের খবর, শর্তসাপেক্ষে মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানাতে পারে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। পাশাপাশি শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির তরফেও ইতিবাচক সমর্থনের ইঙ্গিত মিলছে বলে খবর। ফলে সংসদে বিল পাশ করানোর ক্ষেত্রে কেন্দ্রের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
এই বিল কার্যকর করার প্রক্রিয়ার সঙ্গে সংসদের আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টিও জড়িত। প্রস্তাব অনুযায়ী, লোকসভার বর্তমান ৫৪৩টি আসন থেকে সংখ্যা প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে ৮৫০ করা হতে পারে। আসন সংখ্যা বৃদ্ধি এবং মহিলা প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, এই গুরুত্বপূর্ণ বিল সংসদে পাশ করানোর লক্ষ্যে আগামী সোমবার থেকে সংসদের অধিবেশন পুনরায় শুরু করার জন্য লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছে কেন্দ্র। মনে করা হচ্ছে, অধিবেশন শুরু হলে সেখানেই মহিলা সংরক্ষণ বিল পেশ করে পাশ করানোর উদ্যোগ নিতে পারে সরকার।
তবে বিলের চূড়ান্ত রূপ, আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলের শর্ত নিয়ে এখনও একাধিক প্রশ্ন রয়েছে। সংসদের অধিবেশন পুনরায় শুরু হলে এই বিষয়ে রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হতে পারে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান