স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই র্যালির সূচনা হয়। জাতীয় পতাকা হাতে র্যালিতে অংশ নেন বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ।
র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, সান্তনা চাকমা, শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়িকা মীনা রানী সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং অলিম্পিয়ান দীপা কর্মকারসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ২০২২ সালে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সূচনা হয়। এবছর এই কর্মসূচির পঞ্চম সংস্করণ পালিত হচ্ছে। দেশপ্রেমের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোই এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। তাঁর কথায়, ঘরে ঘরে তিরঙ্গা উত্তোলনের মধ্য দিয়ে দেশের প্রতি ভালোবাসা, ঐক্য ও গর্বের বার্তা আরও শক্তিশালী হয়ে উঠবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান