এডিসি (ADC) এলাকার বর্তমান পরিস্থিতি এবং আদিবাসীদের ভূমিগত, জীবন-জীবিকা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল কংগ্রেস। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা এবং এসটি কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
বৈঠকে এডিসি এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে আদিবাসীদের জমি, প্রাকৃতিক সম্পদ, জীবন-জীবিকা এবং ঐতিহ্য ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা অভিযোগ করেন, বর্তমান সরকার ও এডিসি প্রশাসন আদিবাসীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, এডিসি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও জমি ক্রমশ হাতছাড়া হচ্ছে এবং এর ফলে উপজাতিদের ঐতিহ্যবাহী অধিকার ও জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, পাহাড়ি এলাকার উন্নয়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক ও ঐতিহ্যবাহী অধিকার পুনরুদ্ধার করা জরুরি। আসন্ন নির্বাচনে এই দুই বিষয়কেই দলের প্রধান রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরা হবে বলে বৈঠক থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
কংগ্রেসের দাবি, পাহাড়ের মানুষের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে তাদের জমি, জীবিকা ও সাংস্কৃতিক পরিচয় সুরক্ষিত রাখা আবশ্যক। সেই লক্ষ্যেই আগামী দিনে আরও জোরালোভাবে জনমত গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে দল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান