সিপাহীজলা জেলার মেলাঘরে অবস্থিত সোনামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে এসে পানীয় জল ও শৌচালয়ের সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাঁদের স্বজনরা। দূর-দূরান্ত থেকে হাসপাতালে আসা মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাগুলি চললেও এর স্থায়ী সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
মেলাঘর পৌরসভার উদ্যোগে নির্মিত পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে হাসপাতাল চত্বরে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় শৌচালয় ব্যবহারের জন্য সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি ও মহিলা স্বজনদের দুর্ভোগ আরও বাড়ছে।
অন্যদিকে, জলজীবন মিশনের অধীনে হাসপাতালে বসানো ওয়াটার ডিসপেন্সিং এটিএম মেশিনটিও দীর্ঘদিন ধরে অকেজো। স্থানীয়দের দাবি, প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে মেশিনটি ব্যবহার করা যাচ্ছে না। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে মেশিনটিতে ধুলোবালি জমে নষ্ট অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ।
ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়গুলি নিয়ে একাধিকবার প্রশাসন ও পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে মৌলিক পরিষেবার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রোগী ও স্বজনদের দাবি, দ্রুত পাবলিক টয়লেটটি খুলে দেওয়ার পাশাপাশি অকেজো ওয়াটার এটিএমটি মেরামত করে পানীয় জলের ব্যবস্থা স্বাভাবিক করা হোক। একই সঙ্গে হাসপাতাল চত্বরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করারও দাবি উঠেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান