মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ঐতিহাসিক অবদান ও দূরদর্শী চিন্তাধারাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়সহ দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থকরা মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা মহারাজা বীর বিক্রমের দূরদর্শিতার কথা স্মরণ করেন। তিনি বলেন, আধুনিক ত্রিপুরার পরিকাঠামো ও নগর পরিকল্পনার ক্ষেত্রে মহারাজার অবদান আজও গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগরতলার পরিকল্পিত রাস্তাঘাট, নগরায়ণ ও উন্নয়নের ভাবনার মধ্যে তাঁর আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যায়।
বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেন, ২০১৮ সালের পর থেকে ত্রিপুরার রাজপরিবার এবং মহারাজা বীর বিক্রমের ঐতিহাসিক অবদানকে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আজাদী কা অমৃত মহোৎসব’-এর মতো উদ্যোগও দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
বক্তারা বলেন, মহারাজা বীর বিক্রমের উন্নয়নমূলক চিন্তা ও দূরদর্শিতা কেবল অতীতের ইতিহাস নয়, বর্তমান ও ভবিষ্যৎ ত্রিপুরার পথচলার ক্ষেত্রেও অনুপ্রেরণার উৎস। তাঁর স্মৃতি ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও উন্নত ত্রিপুরা গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানের মাধ্যমে মহারাজার অবদানকে স্মরণ করার পাশাপাশি তাঁর উন্নয়নের ভাবনাকে সামনে রেখে ভবিষ্যতের ত্রিপুরা নির্মাণের সংকল্পও পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান