সহপাঠীদের হাতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ শুভমের চিকিৎসায় আর্থিক সহায়তা, আগামী দিনেও পাশে থাকার আশ্বাস মন্ত্রীর।
গত ৮ অক্টোবর নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সহপাঠীদের হাতে আক্রান্ত হয়েছিল শুভম সাহা। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় সে। প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঊনকোটি হাসপাতালে এবং শেষ পর্যন্ত আগরতলার জিবিপি হাসপাতালে তার চিকিৎসা করা হয়। কিছুদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও বর্তমানে জিবি হাসপাতালের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
কৈলাসহর পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভমের বাবা আগেই প্রয়াত হয়েছেন। মা সেলাইয়ের কাজ করে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসার দায়িত্ব সামলাচ্ছেন। শুভমের কিডনিতে গুরুতর আঘাত, রক্তক্ষরণ এবং অস্ত্রোপচারের মতো কঠিন পরিস্থিতিতে কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন তাঁর মা।
এমন কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। দপ্তরের পক্ষ থেকে শুভমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেন তিনি।
বুধবার শুভমের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে পৌঁছান মন্ত্রী টিংকু রায়। সেখানে তিনি শুভমের মায়ের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি আগামী দিনেও শুভমের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন মন্ত্রী।
মন্ত্রীকে কাছে পেয়ে কিছুটা আশ্বস্ত হন শুভমের মা। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী পাঞ্চালী পালিত, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি সহ অন্যান্যরা।
শুভমের দ্রুত সুস্থতা কামনা করে তার চিকিৎসা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয় এদিনের সাক্ষাতে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান