ম্যানিলা সম্মেলনে সামুদ্রিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার চার দেশের রাষ্ট্রনেতাদের।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করলেন কোয়াডের চার সদস্য দেশের নেতারা। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত কোয়াড সম্মেলনে অংশগ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
সম্মেলন শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে চার দেশের নেতারা অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। কোয়াডকে তাঁরা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করা একটি 'পার্টনারশিপ অব অ্যাকশন' বা কর্মভিত্তিক অংশীদারিত্ব হিসেবে তুলে ধরেন।
এবারের সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, কোয়াডের পুনরুজ্জীবনের প্রায় এক দশক পূর্ণ হওয়ার পাশাপাশি ২০১৬ সালে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের প্রস্তাবিত 'ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক' বা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের ভাবনারও দশম বার্ষিকী পালিত হচ্ছে।
বিবৃতিতে চার নেতা বলপ্রয়োগ বা চাপ সৃষ্টির মাধ্যমে আঞ্চলিক স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা ও অস্থিতিশীল পদক্ষেপের বিরোধিতা করেন। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ উত্তেজনা বাড়ায় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।
পাশাপাশি নির্বিচারে রপ্তানি নিষেধাজ্ঞা-সহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টির বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা, নৌ চলাচল ও আকাশপথে যাতায়াতের স্বাধীনতা এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেও একযোগে কাজ করার অঙ্গীকার করেন চার দেশের নেতারা।
এছাড়াও ২০২৭ সালের গোড়ার দিকে প্রথমবারের মতো 'কোয়াড বিজনেস লিডার্স ফোরাম' আয়োজনের ঘোষণা করা হয়েছে। এই ফোরামে চার দেশের শিল্প ও বাণিজ্য জগতের শীর্ষ ব্যক্তিত্ব, সরকারি আধিকারিক এবং নীতি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। বেসরকারি ক্ষেত্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক চুক্তি এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য।
সব মিলিয়ে ম্যানিলা সম্মেলনের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে কোয়াডের পারস্পরিক অংশীদারিত্ব আরও বিস্তৃত করার বার্তা দিলেন চার দেশের রাষ্ট্রনেতারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান