নিম্নচাপের প্রভাব কিছুটা কাটলেও ত্রিপুরায় বৃষ্টির পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী কয়েক দিনের জন্য একাধিক জেলায় হলুদ সতর্কবার্তা (Yellow Alert) জারি করেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
অন্যদিকে, ৯ সেপ্টেম্বর, বুধবার উত্তর ত্রিপুরা, উনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃষ্টির সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ফলে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং বজ্রঝড়ের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, বঙ্গোপসাগর ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে মাছ ধরা এবং সমুদ্রে স্নানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সামগ্রিকভাবে আগামী রবিবার পর্যন্ত ত্রিপুরার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে। তবে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টির প্রবণতা পুরোপুরি কমছে না বলেই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান