Tuesday, September 8, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য আমবাসায় তিন ভিলেজ কমিটিতে বিজেপির মনোনয়ন জমা

আমবাসায় তিন ভিলেজ কমিটিতে বিজেপির মনোনয়ন জমা

আমবাসায় তিন ভিলেজ কমিটিতে বিজেপির মনোনয়ন জমা

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার আমবাসা আরডি ব্লকে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার আমবাসা আরডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাসের কাছে দলীয় প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।

আমবাসা আরডি ব্লকের অধীন মোট ১৫টি ভিলেজ কমিটির মধ্যে বিজেপি তিনটি ভিলেজ কমিটিতে প্রার্থী দিয়েছে। এগুলি হল—কাঁঠালবাড়ি, বাগমারা এবং কুলাই আরএফসি।

আমবাসা মণ্ডল বিজেপি সভাপতি অজয় অধিকারী জানান, ভারতীয় জনতা পার্টি, তিপরা মথা এবং আইপিএফটি-কে নিয়ে গঠিত এনডিএ জোটের মধ্যে হওয়া আসন সমঝোতার ভিত্তিতেই বিজেপি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সমঝোতা অনুযায়ী, বাকি ১২টি ভিলেজ কমিটিতে জোটসঙ্গী তিপরা মথা প্রার্থী দেবে। ওই আসনগুলিতে বিজেপির কর্মী-সমর্থকরা তিপরা মথার প্রার্থীদের পূর্ণ সমর্থন করবেন বলেও জানান তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ধলাই জেলা বিজেপি সভাপতি পতিরাম ত্রিপুরা, আমবাসা মণ্ডল সভাপতি অজয় অধিকারী-সহ দলের বহু নেতা, কর্মী ও সমর্থক।

নির্বাচনী সূচি অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৯ সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নপত্রগুলির স্ক্রুটিনি বা বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে শেষ মুহূর্তে আরও প্রার্থী মনোনয়ন জমা দেন কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha