২০২৪ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সকলকে অবিলম্বে একযোগে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনে টিআরবিটি (TRBT) চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিলেন চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানোর দাবিতে সরব হন আন্দোলনকারীরা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০২৪ সালে টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এর ফলে হাজার হাজার চাকরিপ্রার্থী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তাঁদের অন্যতম প্রধান দাবি, অবিলম্বে ইউজিটি (UGT) এবং জিটি (GT) পদের মেধা তালিকা ও নির্বাচন তালিকা প্রকাশ করতে হবে। একইসঙ্গে যোগ্য সকল প্রার্থীকে একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে।
আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্যে শিক্ষকের হাজার হাজার পদ শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বারবার দীর্ঘসূত্রিতা করা হচ্ছে। কখনও বিভিন্ন প্রশাসনিক কারণ, আবার কখনও আদালতের স্থগিতাদেশের প্রসঙ্গ তুলে নিয়োগ পিছিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
চাকরিপ্রার্থীদের দাবি, শূন্যপদ পূরণের মাধ্যমে একদিকে যেমন বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট কমবে, অন্যদিকে দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা যোগ্য প্রার্থীরাও কর্মসংস্থানের সুযোগ পাবেন। তাই আর বিলম্ব না করে দ্রুত মেধা তালিকা প্রকাশ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় একযোগে নিয়োগ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।
ডেপুটেশনের মাধ্যমে টিআরবিটি কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবিগুলি তুলে ধরে আন্দোলনকারীরা স্পষ্ট করেছেন, দ্রুত নিয়োগের সিদ্ধান্ত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান