ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে রাজ্যের কোথাও যাতে রাজনৈতিক সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকদের শান্তি বজায় রাখার আহ্বান জানালেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা।
শুক্রবার তেলিয়ামুড়ার ২৯ কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে আয়োজিত জনজাতি মোর্চার এক বৈঠকে উপস্থিত হয়ে এই আবেদন জানান তিনি। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের উত্তেজনা বা অশান্তি ছড়িয়ে না পড়ে, সেদিকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী।
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কথা। এই ফলাফলকে ঘিরে রাজনৈতিক মহলে যখন নানা আলোচনা চলছে, তখনই শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন বিকাশ দেববর্মা।
মন্ত্রী বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন কোনওভাবেই হিংসা, সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতির রূপ না নেয়, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই যে সকলের দায়িত্ব, সেই বার্তাই উঠে আসে মন্ত্রীর বক্তব্যে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান