ত্রিপুরার ২১টি পুর ও নগর সংস্থার নির্বাচন চলতি মাসের মধ্যেই ঘোষণা করার চেষ্টা চলছে। পাশাপাশি, সবকটি সংস্থায় একই দিনে ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী আগরতলার প্রজ্ঞা ভবনে রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মসূচিতে এই তথ্য জানান।
কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী ৯ ডিসেম্বরের মধ্যে রাজ্যের পুর ও নগর সংস্থাগুলির নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে। বর্তমান বোর্ডগুলির মেয়াদ ওই সময়ের মধ্যে শেষ হওয়ার কথা থাকায় নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ড-সহ রাজ্যের বিভিন্ন পুর ও নগর সংস্থার নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কর্মসূচিতে মোট ৩০ জন রিটার্নিং অফিসার অংশ নেন। রাজ্যের ১৭টি মহকুমা থেকে মহকুমা শাসক ও অতিরিক্ত মহকুমা শাসকরাও প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মসূচিতে যোগ দেন।
নির্বাচন পরিচালনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। প্রয়োজনে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি রাজ্য পুলিশের ডিজিপি দেখভাল করছেন বলে জানানো হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে ইভিএম পরিচালনা, নির্বাচন কমিশনের নির্দেশিকা এবং ভোটগ্রহণ সংক্রান্ত নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবাধ, সুষ্ঠু ও নির্ভুলভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান