Thursday, November 12, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য চার বরখাস্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে পুনর্বহালের নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের, আট সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া বেতন

চার বরখাস্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে পুনর্বহালের নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের, আট সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া বেতন

চার বরখাস্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে পুনর্বহালের নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের, আট সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া বেতন

চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্তকে অবৈধ বলে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে মামলার খরচ দেওয়ারও নির্দেশ।

চার বরখাস্ত অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষে গুরুত্বপূর্ণ রায় দিল ত্রিপুরা হাইকোর্ট। অবিলম্বে তাঁদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, আগামী আট সপ্তাহের মধ্যে তাঁদের সমস্ত বকেয়া বেতন ও ভাতা মিটিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার খরচ বাবদ প্রত্যেক আবেদনকারীকে ৫ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ডুম্বনগর আইসিডিএস প্রকল্পের অধীনে ২০২৩ সালের আগস্ট মাসে যথাযথ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ওই চারজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। অভিযোগ, কোনও যথাযথ কারণ ছাড়াই তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন চার অঙ্গনওয়াড়ি কর্মী। মামলার শুনানি শেষে প্রধান বিচারপতি এম. এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি এস. দত্তের ডিভিশন বেঞ্চ বরখাস্তের সিদ্ধান্তকে সম্পূর্ণ অবৈধ বলে পর্যবেক্ষণ করে।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, রাজনৈতিক চাপের মুখে এই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে চার কর্মীকে পুনর্বহালের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের এই নির্দেশে চার অঙ্গনওয়াড়ি কর্মীর দীর্ঘদিনের আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ মোড় এল। এখন আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের চাকরিতে পুনর্বহাল এবং সমস্ত বকেয়া পাওনা মেটানোর প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয়, সেদিকেই নজর থাকবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha