অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তর জেলার জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক উচ্চপর্যায়ের বৈঠক। ত্রিপুরা নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা, আরক্ষা দপ্তরের প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা।
বৈঠকে আসন্ন নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নির্বাচনী পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী উত্তর জেলায় নির্বাচনী প্রস্তুতি ও কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নির্বাচন কমিশনের কাজকর্মে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের এই তৎপরতা নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন যে সমন্বিতভাবে কাজ করছে, এদিনের বৈঠকে তারই প্রতিফলন দেখা যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান