ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পাঞ্চল। মঙ্গলবার গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভে সামিল হন পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনকারীরা একাধিক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় ব্যাপকভাবে ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
খবর অনুযায়ী, শ্রীপুরের ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশ দখলের চেষ্টা করেন বিক্ষোভকারী শ্রমিকরা। এর ফলে উভয় দিকে যান চলাচল সম্পূর্ণ থমকে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে শ্রমিকদের একাধিক দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অন্যদিকে, শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মেম্বারবাড়ি, ভবানীপুর এবং বাঘের বাজার-সহ একাধিক এলাকার কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দেয়।
এদিকে, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়াকে কেন্দ্র করেও নতুন করে বিক্ষোভ শুরু হয়। শ্রমিকরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
শুধু গাজীপুর নয়, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়েছে শ্রমিক অসন্তোষ। মজুরি বৃদ্ধির দাবিতে ওই এলাকার ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। পাশাপাশি শ্রম আইন অনুযায়ী প্রায় ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিভিন্ন শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন এবং শিল্পাঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বাংলাদেশের পোশাক শিল্পের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান