NCB ও মার্কিন DEA-র যৌথ অভিযানে ভেঙে দেওয়া হল আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্ক, শনাক্ত প্রায় ৫ লক্ষ ট্যাবলেটের ৩ হাজার পার্সেল।
আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভারত ও আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থা। ‘অপারেশন মনসুন থান্ডার’-এর আওতায় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এবং মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA)-এর যৌথ অভিযানে একটি আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্কের ভারতীয় মডিউল ভেঙে দেওয়া হয়েছে। এই অভিযানে এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই অভিযানে ভারত-আমেরিকা সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি জানান, দুই দেশের সংস্থার সমন্বিত প্রচেষ্টায় আমেরিকার বিভিন্ন প্রান্তে অবৈধ মাদক সরবরাহকারী একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।
NCB-র দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত পাচার চক্রটি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক সরবরাহের নেটওয়ার্ক পরিচালনা করত। এমনকি অর্ডার পরিচালনার জন্য গুগল শিটসও ব্যবহার করা হতো। এই নেটওয়ার্কের মাধ্যমে সাইকোট্রপিক ও ওপিওয়েড জাতীয় ওষুধ আমেরিকার গ্রাহকদের কাছে সরবরাহ করা হতো বলে অভিযোগ।
অভিযানে প্রায় ৩,০০০টি পার্সেলের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে প্রায় ৫ লক্ষ ট্যাবলেট অন্তর্ভুক্ত ছিল। এই পার্সেলগুলি আমেরিকার অভ্যন্তরে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে NCB। পাশাপাশি ৫৯ হাজারেরও বেশি মার্কিন নাগরিক বা সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য মার্কিন DEA-র সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। অন্যদিকে, আমেরিকায় পাঠানোর পথে থাকা দুটি চালানও DEA আটক করেছে।
NCB জানিয়েছে, এই অভিযান আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে ভারত ও আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাগুলির পারস্পরিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান এবং আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে মাদক পাচার নির্মূলে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এই অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মাদক পাচার মোকাবিলায় দুই দেশের যৌথ উদ্যোগ আরও শক্তিশালী হলো বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান