কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া আন্দোলনের আগেই শুরু হয়েছিল, কংগ্রেসের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর।
আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কংগ্রেসের আন্দোলনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনকালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া কংগ্রেসের আন্দোলনের অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। এই বিষয়টি নিয়ে কংগ্রেস নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে নির্বাচনের সময় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয়েছিল কংগ্রেস। এই দাবিতে দলের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের সামনে এবং নির্বাচন কমিশনারের কাছে গিয়ে ধরনা ও আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছিল।
এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস দল এ ধরনের নানা নাটক করে থাকে। এবার কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। এরপরও তারা কোনও না কোনও বিষয় নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান