সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগ, খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকা থেকে গ্রেফতার দুই বাংলাদেশি নাগরিক।
আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে শনিবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল খোয়াই থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, দালালের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে ওই দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বলে অভিযোগ। পরবর্তীতে খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকায় সাদা পোশাকে টহলরত পুলিশের একটি দল তাঁদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এরপর তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত দুজনই বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে একজনের নাম মিন্টু সরকার (৩৬), বাড়ি নোয়াগাঁও এলাকায়। অপরজনের নাম চয়ন ভৌমিক। তাঁদের কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোন, কিছু বাংলাদেশি ও ভারতীয় মুদ্রা এবং কয়েকটি আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
তবে ঠিক কী উদ্দেশ্যে তাঁরা এই সময়ে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখতে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার দাবি করা হচ্ছে, ঠিক সেই সময়ে সীমান্ত পেরিয়ে দুই বাংলাদেশি নাগরিকের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান