Saturday, November 21, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য জাতীয় স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬ জিতল ত্রিপুরা, রাজ্যের মুকুটে আরও এক সাফল্যের পালক

জাতীয় স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬ জিতল ত্রিপুরা, রাজ্যের মুকুটে আরও এক সাফল্যের পালক

জাতীয় স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬ জিতল ত্রিপুরা, রাজ্যের মুকুটে আরও এক সাফল্যের পালক

স্ট্রিট ভেন্ডরদের আর্থিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি, ২০১৮ সাল থেকে জাতীয় পুরস্কার ও স্বীকৃতির সংখ্যা ছাড়াল ৩৫০।

জাতীয় স্তরে আরও এক বড় সাফল্য অর্জন করল ত্রিপুরা। স্ট্রিট ভেন্ডরদের অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং বিভিন্ন কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্পের আওতায় তাঁদের যুক্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬ জিতে নিল রাজ্য।

এই সম্মান অর্জনের ফলে ২০১৮ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরার জাতীয় পুরস্কার ও স্বীকৃতির সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেল। যা রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নয়াদিল্লির ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এই পুরস্কার প্রদান করেন। ত্রিপুরার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের সিইও তথা পিএম স্বনিধির রাজ্য মিশন ডিরেক্টর তরিৎ কান্তি চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংহ।

উল্লেখ্য, দেশজুড়ে পিএম স্বনিধি প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের ১ কোটি ২১ লক্ষের বেশি ঋণ প্রদান করা হয়েছে। এর ফলে উপকৃত হয়েছেন প্রায় ৮১ লক্ষ স্ট্রিট ভেন্ডর। পাশাপাশি ৫২ লক্ষের বেশি পরিবারের প্রোফাইলিংয়ের মাধ্যমে ১ কোটি ৬২ লক্ষেরও বেশি কল্যাণমূলক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

স্ট্রিট ভেন্ডরদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাঁদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পিএম স্বনিধি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পের বাস্তবায়নে ত্রিপুরার সাফল্যই জাতীয় স্তরে রাজ্যকে এনে দিল এই বিশেষ সম্মান।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha