প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে নয়াদিল্লিতে বালেন্দ্র শাহ, ভারত-নেপাল সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা দুই রাষ্ট্রনেতার।
দুই দিনের ভারত সফরে রবিবার বিকেলে নয়াদিল্লিতে পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম ভারত সফর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। সফরের প্রথম দিনেই নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, নেপালের সঙ্গে ভারতের বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় নয়াদিল্লি।
সোমবার রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এরপর তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।
এই বৈঠকে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন দুই প্রধানমন্ত্রী। একই সঙ্গে কয়েকটি সম্পন্ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন এবং নতুন কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতাপত্র স্বাক্ষর এবং বিনিময়ের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, নেপালে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বালেন্দ্র শাহকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণ করেই এই সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী। বিদেশ সফরের ক্ষেত্রে এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর এবং দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ।
অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি, পরিকাঠামো সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলিতে দুই দেশের অগ্রাধিকারের মধ্যে সামঞ্জস্য রয়েছে। সেই প্রেক্ষাপটে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দ্বিপাক্ষিক বৈঠকে উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ, জলবিদ্যুৎ, রেল যোগাযোগ, পরিকাঠামো, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেতে পারে। আগামী দিনে ভারত-নেপাল অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান