শতদল সংঘ ক্লাবে নির্বাচনী সভায় দুই ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে প্রচার, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর।
আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় নির্বাচনী জনসভা। আগরতলার শতদল সংঘ ক্লাবে অনুষ্ঠিত এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুখময় সাহা, ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সীমা দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা আসন্ন পুর নিগম নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাজ্য সরকার ও আগরতলা শহরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় প্রার্থীদের পাশে থাকার জন্য ভোটারদের কাছে আবেদন জানান তিনি।
এদিনের সভায় দুই ওয়ার্ডের প্রার্থী সুখময় সাহা ও সীমা দেবনাথের সমর্থনে বক্তব্য রাখেন দলীয় নেতৃত্বরা। সভাকে কেন্দ্র করে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সব মিলিয়ে আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচার কর্মসূচি অব্যাহত রয়েছে। নির্বাচনের আগে জনসংযোগ ও জনসভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান