বিলোনিয়া যোগমায়া কালিবাড়ি সংলগ্ন বিলোনিয়া জেবি স্কুল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা আগর, নিম, নাগেশ্বর ও মেহগনি গাছ কেটে ফেলার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুলের সৌন্দর্য বৃদ্ধি, শিক্ষার্থীদের ছায়া প্রদান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এসব গাছ অপসারণের পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
গাছ কাটার পর স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও গভীর উদ্বেগ লক্ষ্য করা যায়। তৃতীয় শ্রেণির ছাত্রী পুরবি দাসসহ একাধিক পড়ুয়া প্রশ্ন তোলে, "গাছ না থাকলে আমরা কীভাবে শ্বাস নেব?" ছোট ছোট শিক্ষার্থীদের এই প্রশ্নই পরিবেশ সংরক্ষণের গুরুত্বকে নতুন করে সামনে এনে দিয়েছে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, তিনি শুধুমাত্র শ্রেণিকক্ষের ওপর ঝুঁকে থাকা একটি মরা নিমগাছ সরিয়ে ফেলা এবং কিছু ডালপালা ছেঁটে দেওয়ার কথা বলেছিলেন। তবে তাঁর দাবি, স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর দীপা ভৌমিক (পাল)-এর আবেদনের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা এসে স্কুল প্রাঙ্গণের সব গাছ কেটে ফেলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সময়ে এভাবে পরিণত গাছ কেটে ফেলা পরিবেশের জন্য ক্ষতিকর। তারা ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে যথাযথ মূল্যায়ন এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্কুল প্রাঙ্গণের সবুজ হারিয়ে যাওয়ায় এখন প্রশ্ন উঠছে—নিরাপত্তার নামে গাছ কাটা কি একমাত্র সমাধান, নাকি পরিবেশ রক্ষার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া উচিত?
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান