উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর খেরেংজুরী এলাকার পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ে গত প্রায় ১৫ দিন ধরে তীব্র পানীয় জল ও দৈনন্দিন ব্যবহারের জলের সংকট দেখা দিয়েছে। এর জেরে চরম সমস্যায় পড়েছে আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
জলসংকটের কারণে হোস্টেলের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হয়েছে। পর্যাপ্ত জল না থাকায় পরিস্থিতি সামাল দিতে শিক্ষকরা আপাতত ছাত্রছাত্রীদের বাড়ি ফিরে যেতে বলেছেন। জল সরবরাহ স্বাভাবিক হলে তাদের ফের স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সি পড়ুয়াদের স্নান ও শৌচকর্মের মতো নিত্যপ্রয়োজনীয় কাজের জন্যও পর্যাপ্ত জল মিলছে না। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও এখনও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে অভিভাবকদের মধ্যে।
অভিভাবকদের বক্তব্য, আবাসিক বিদ্যালয়ে পড়ুয়াদের মৌলিক চাহিদার অন্যতম জল। দ্রুত সমস্যার সমাধান না হলে তাঁরা সন্তানদের আর বিদ্যালয়ে পাঠাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই জলসংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি উঠেছে। আবাসিক পড়ুয়াদের স্বাভাবিক পড়াশোনা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিভাবকরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান