ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)-এর আগরতলা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ ত্রিপুরাজুড়ে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। বিশেষ করে ১৭ ও ১৮ আগস্ট দক্ষিণ ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৮-১৯ আগস্ট রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৯-২০ আগস্ট একাধিক স্থানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ২০-২১ আগস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে।
২১-২২ আগস্ট একাধিক জেলায় বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২-২৩ আগস্ট ফের রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
বৃষ্টির পাশাপাশি উচ্চ আর্দ্রতার কারণে ত্রিপুরায় অস্বস্তিকর গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। তবে রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
টানা বৃষ্টির জেরে রাজ্যের নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও রয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার এবং নদী ও অন্যান্য জলসংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসন ও সাধারণ মানুষকে স্থানীয় আবহাওয়ার আপডেট নজরে রাখার পাশাপাশি ভারী বৃষ্টি ও বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান