৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি উপস্থিত পুলিশ কর্মীদের অভিবাদন গ্রহণ করেন।
স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। একইসঙ্গে দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের ভাবনা নতুন প্রজন্মের মধ্যে আরও গভীরভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরঙ্গা’ আহ্বানের কথা উল্লেখ করে তিনি জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশাত্মবোধ জাগিয়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম আয়োজনের কথাও জানান মুখ্যমন্ত্রী। এসব কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার ইতিহাস, আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান