Tuesday, August 18, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ত্রিপুরায় স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে চালু টি-রাইস পোর্টাল

ত্রিপুরায় স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে চালু টি-রাইস পোর্টাল

ত্রিপুরায় স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে চালু টি-রাইস পোর্টাল

ত্রিপুরার স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্যের তথ্যপ্রযুক্তি ও অর্থ দপ্তর। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত “বিল্ডিং এ ইউনিকর্ন ইন ত্রিপুরা” শীর্ষক কর্মশালায় আনুষ্ঠানিকভাবে চালু হল টি-রাইস (T-RISE) পোর্টাল। হায়দ্রাবাদভিত্তিক স্টার্টআপ ইনোভেশন প্ল্যাটফর্ম টি-হাব (T-Hub)-এর সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টি-রাইস পোর্টালের মাধ্যমে রাজ্যের তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক মানের ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণ, পরামর্শ, নেটওয়ার্কিং এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ দিতে উদ্যোক্তাদের মোট ২.৭২ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি, অর্থ, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রণজিত সিংহ রায়-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রাথমিক পর্যায়ে স্টার্টআপগুলির জন্য অর্থের জোগান সহজ করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

তিনি বলেন, উদ্যোক্তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে জেলাভিত্তিক ব্যবসা সংস্কার, ক্রেডিট গ্যারান্টি স্কিম এবং মুদ্রা ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি অভিজ্ঞ উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ এবং ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি করতে ‘টি-রাইস কানেক্ট’ কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।

মন্ত্রী আরও বলেন, একটি স্থায়ী ও শক্তিশালী স্টার্টআপ ব্যবস্থা গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান এবং ডিজিটাল মার্কেটের সহযোগিতাও জরুরি। এ ক্ষেত্রে এইচডিএফসি (HDFC)-র মতো বেসরকারি ব্যাংকের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে ত্রিপুরার তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং স্থানীয় উদ্ভাবনকে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার পথ আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha