ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট বামপন্থী নেতা প্রয়াত অনিল সরকারের ৮৮তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার আগরতলার মেলার মাঠস্থিত আম্বেদকর ভবনে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রয়াত অনিল সরকারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক সুধন দাস জানান, অনিল সরকার ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ত্রিপুরার মানুষের স্বার্থে কাজ করার পাশাপাশি সামাজিক ন্যায়, সমতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বক্তারা বলেন, অনিল সরকারের রাজনৈতিক ও সামাজিক অবদান ত্রিপুরার মানুষের কাছে আজও স্মরণীয়। তাঁর চিন্তাধারা ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বাম নেতৃত্বরা বলেন, অনিল সরকারের জীবন ও দর্শন আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আদর্শকে সামনে রেখে সাধারণ মানুষের অধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান