ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR (Special Intensive Revision) নিয়ে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। রাজ্যে SIR প্রক্রিয়ার ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, বিহার বা পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও যদি SIR-এর মাধ্যমে ভোটার তালিকায় কোনো ধরনের গরমিল দেখা দেয় কিংবা প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ে, তাহলে তা মেনে নেওয়া হবে না। এমন পরিস্থিতি তৈরি হলে সিপিআইএম রাজপথে নেমে আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সিপিআইএম রাজ্য সম্পাদকের অভিযোগ, বিজেপি SIR-কে ভোট চুরির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। যদিও সিপিআইএম নীতিগতভাবে এই প্রক্রিয়ার বিরোধিতা করছে, নির্বাচন কমিশনের নির্দেশনার কারণে সিপিআইএম প্রক্রিয়ায় অংশ নিচ্ছে বলে জানান তিনি।
এদিকে, ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে SIR প্রক্রিয়া কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য বিজেপির পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে, সেই দাবিকে সমর্থন করেছে সিপিআইএমও। সিপিআইএম-র বক্তব্য, একই সময়ে একাধিক নির্বাচনী ও প্রশাসনিক প্রক্রিয়া চললে মাঠপর্যায়ে সমস্যা তৈরি হতে পারে।
জিতেন্দ্র চৌধুরী আরও স্পষ্ট করে জানান, ভোটার তালিকা সংশোধনের নামে যদি কোনো প্রকৃত ভোটারের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে তার বিরুদ্ধে দল গণতান্ত্রিকভাবে প্রতিবাদ গড়ে তুলবে। ফলে ত্রিপুরায় SIR প্রক্রিয়াকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান