ত্রিপুরার পরিবহন ও পর্যটন ব্যবস্থায় যুক্ত হলো আধুনিক পরিষেবার নতুন অধ্যায়। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা এবং ‘পর্যটন তথ্য কেন্দ্র’-এর সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হয় আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনকেও। এর ফলে বিমানবন্দর ও রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলিতে একই সময়ে অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা চালু হলো।
নতুন এই পরিষেবার ফলে বিমানবন্দর ও রেলস্টেশনে আগত যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুযোগ তৈরি হবে। বিশেষ করে রাজ্যের বাইরে থেকে ত্রিপুরায় আসা পর্যটকদের জন্য এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ‘পর্যটন তথ্য কেন্দ্র’ চালু হওয়ায় রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্র, যাতায়াত ব্যবস্থা এবং পর্যটন পরিষেবা সম্পর্কে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে পরিবহন ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং পর্যটন ক্ষেত্রে নতুন আকর্ষণ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে ত্রিপুরাকে আরও আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নতুন পরিষেবা চালু হওয়ায় রাজ্যের সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান