১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। সাতটি আত্মসমর্পণকারী বৈরী সংগঠন—NLFT(ORI), NLFT(PD), ATTF, NLFT(NB), JARC, JAC এবং ATTF(OLD)-এর যৌথ উদ্যোগে শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ৭২ ঘণ্টার আসাম–আগরতলা জাতীয় সড়ক অবরোধ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার ভোরে বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় জাতীয় সড়কে অবস্থান নেন সংগঠনগুলির কর্মী-সমর্থকরা। দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। বিভিন্ন প্রান্তে আটকে পড়ে বহু যানবাহন। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
অবরোধকে ঘিরে বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় বাড়ানো হয়েছে প্রশাসনিক তৎপরতা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ ও প্রশাসন।
জানা গেছে, শুধু বড়মুড়াতেই নয়, রেলপথে বিঘুদাস এবং সড়কপথে খোয়াই চৌমুহনী এলাকাতেও অবরোধ কর্মসূচি চলছে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ রুটে যোগাযোগ ব্যবস্থা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।
আন্দোলনকারীদের ঘোষণা, ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ৭২ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি চলবে। ফলে আগামী সময়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর প্রশাসন ও সাধারণ মানুষের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান