চীনের মোচিতে নারী জুনিয়র হকি এশিয়া কাপে দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। বৃহস্পতিবার পাকিস্তানকে ১৯-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেল ভারতীয় জুনিয়র মহিলা হকি দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। একের পর এক আক্রমণে পাকিস্তানের রক্ষণকে কার্যত ছিন্নভিন্ন করে দেয় ভারতীয় দল। পুরো ম্যাচে ভারত ১৯টি গোল করার পাশাপাশি ১৮টি পেনাল্টি কর্নার এবং একটি পেনাল্টি স্ট্রোক আদায় করে।
অন্যদিকে, পাকিস্তান গোটা ম্যাচে একটি গোলও করতে পারেনি। এমনকি তারা কোনও পেনাল্টি কর্নার বা পেনাল্টি স্ট্রোকও আদায় করতে পারেনি। ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন পূজা মালিক। তিনি একাই তিনটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।
এই জয়ের ফলে আত্মবিশ্বাসের সঙ্গে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। শনিবার সেমিফাইনালে কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ভারতীয় জুনিয়র মহিলা দল।
উল্লেখ্য, জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় পুরুষ জুনিয়র হকি দলও ইতিমধ্যেই সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ফলে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই এশিয়া কাপের শেষ চারে ভারতের উপস্থিতি এখন নিশ্চিত।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান