আগামী ২৮ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খোয়াই জেলা পুলিশ প্রশাসন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা।
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করতে শনিবার খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডির পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সিআরপিএফ, অসম রাইফেলস, বিএসএফ, টিএসআর, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। বৈঠকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডি জানান, খোয়াই জেলার পাঁচটি ব্লকের মোট ৫৩টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত পাঁচ কোম্পানি সিআরপিএফ জওয়ান আনা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় পুলিশ, টিএসআর এবং বিএসএফ জওয়ানরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রতিটি পোলিং স্টেশনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আশা প্রকাশ করেন, প্রশাসনের এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে খোয়াই জেলায় এবারের এডিসি ভিলেজ কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান