তিপ্রা মথার কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত আততায়ীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তিপ্রা মথা। মঙ্গলবার আগরতলার গোর্খাবস্তিতে অবস্থিত রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে নির্বাচন কমিশনার অনুরাগ সেনের কাছে নয় সদস্যের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে।
এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টিটিএএডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার (সিইএম) রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা, এমডিসি প্রাথমিত দেববর্মা-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
ডেপুটেশন প্রদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা স্পষ্টভাবে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুলিকাণ্ডে জড়িত আততায়ীদের গ্রেফতার করতে হবে। অন্যথায়, দল পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানায় তিপ্রা মথার প্রতিনিধি দল।
অন্যদিকে, ডেপুটেশন গ্রহণের পর রাজ্য নির্বাচন কমিশনার অনুরাগ সেন জানান, আইন অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিপ্রা মথার এই ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর এবার নির্বাচন কমিশন ও প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তিপ্রা মথা কী ধরনের কর্মসূচি ঘোষণা করে, এখন সেটাই দেখার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান