মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলে হামলার দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের, ভেঙে পড়া ড্রোনের ধ্বংসাবশেষ থেকেই আগুন ছড়ানোর অভিযোগ।
রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, বৃহস্পতিবার ভোরে মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত ওই অঞ্চলে বড়সড় হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। হামলা প্রতিহত করতে গিয়ে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চারটি ইউক্রেনীয় ‘ফ্লেমিঙ্গো’ ক্ষেপণাস্ত্র এবং ৬৯টি ড্রোন ধ্বংস করেছে বলে জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের আরও দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভেঙে পড়া ড্রোনের ধ্বংসাবশেষ থেকে তেল শোধনাগার চত্বরে আগুন লাগে। তবে এই হামলায় শোধনাগারের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসেনি।
এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি পরিকাঠামোকে কেন্দ্র করে সাময়িক বিরতির অবসানের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বক্তব্য অনুযায়ী, জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধ রাখার স্বল্পমেয়াদি সমঝোতা আর কার্যকর নেই। মস্কোর বিরুদ্ধে সেই সমঝোতা মানতে অস্বীকার করার অভিযোগও তুলেছে ইউক্রেন।
রিয়াজানের তেল শোধনাগারে হামলার ঘটনা রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে জ্বালানি পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তবে হামলার পূর্ণ বিবরণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান