Saturday, October 17, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন রঙ্গলাল দাস ইনডোর স্পোর্টস হলের

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন রঙ্গলাল দাস ইনডোর স্পোর্টস হলের

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন রঙ্গলাল দাস ইনডোর স্পোর্টস হলের

প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ঊনকোটি জেলায় প্রথম ইনডোর স্পোর্টস হল, প্রয়াত ফুটবলারকে সম্মান জানাতে তাঁর নামে নতুন ক্রীড়া পরিকাঠামো

সপ্তমীর দুপুরে কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় উদ্বোধন হলো ‘রঙ্গলাল দাস ইনডোর স্পোর্টস হল’-এর। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই নতুন ক্রীড়া পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর আগে স্পোর্টস অফিসের পাশে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল. দারলং, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন এবং জেলার পুলিশ সুপার আইপিএস ঋষভ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় জানান, প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ইনডোর স্পোর্টস হল। ঊনকোটি জেলায় এই প্রথম এমন ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, প্রয়াত রঙ্গলাল দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে এই স্পোর্টস হলের নামকরণ করা হয়েছে।

রঙ্গলাল দাস ছিলেন কৈলাসহরের বাসিন্দা এবং ত্রিপুরার একজন খ্যাতনামা ফুটবলার। জাতীয় স্তরে কৃতিত্বের সঙ্গে খেলাধুলা করে তিনি ত্রিপুরার নাম উজ্জ্বল করেছিলেন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নবনির্মিত ইনডোর স্পোর্টস হলের পরিকাঠামোর প্রশংসা করেন। তিনি জানান, এই উদ্যোগটি মন্ত্রী টিংকু রায়ের পরিকল্পনার ফসল। তাঁর বক্তব্যে উঠে আসে, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন স্টেডিয়াম, খেলার মাঠ এবং ক্রীড়া পরিকাঠামো বিশিষ্ট ক্রীড়াবিদদের নামে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন ক্রীড়াবিদদের সম্মান জানানো হচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরা হচ্ছে।

সেই উদ্যোগেরই অংশ হিসেবে কৈলাসহরের বিশিষ্ট ফুটবলার রঙ্গলাল দাসের নামে এই ইনডোর স্পোর্টস হলের নামকরণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত ছিল প্রয়াত ফুটবলার রঙ্গলাল দাসের সহধর্মিণী রীতা ভট্টাচার্যী এবং তাঁর পুত্র রানা দাসের হাতে মুখ্যমন্ত্রীর সম্মাননা তুলে দেওয়া। এর মাধ্যমে প্রয়াত ক্রীড়াবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে কৈলাসহরের কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগব্যায়াম প্রদর্শন করে। নতুন এই ইনডোর স্পোর্টস হল এলাকার ক্রীড়া চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha