Tuesday, November 3, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য মনোনয়ন জমায় বাধা ও হামলার অভিযোগ, নির্বাচন কমিশনের দ্বারস্থ বামফ্রন্ট

মনোনয়ন জমায় বাধা ও হামলার অভিযোগ, নির্বাচন কমিশনের দ্বারস্থ বামফ্রন্ট

মনোনয়ন জমায় বাধা ও হামলার অভিযোগ, নির্বাচন কমিশনের দ্বারস্থ বামফ্রন্ট

আসন্ন নগর স্থানীয় সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা, হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ত্রিপুরা বামফ্রন্ট। মঙ্গলবার বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে স্বাক্ষরিত চিঠিতে মোহনপুর, কমলপুর, জিরানিয়া, রানিরবাজার ও শান্তিরবাজারের একাধিক ঘটনার উল্লেখ করে কমিশনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, গত ২ নভেম্বর মোহনপুরের ফটিকছড়ায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে সিপিআইএম প্রার্থী ও তাঁদের প্রস্তাবকদের উপর হামলা চালানো হয়। এতে প্রার্থীসহ প্রায় ১৫ জন আহত হন এবং কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি বামফ্রন্টের। অন্যদিকে, ৩১ অক্টোবর কমলপুরে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে চারজন সিপিআইএম প্রার্থী আক্রান্ত হন বলে অভিযোগ। জিরানিয়া ও রানিরবাজারে রিটার্নিং অফিসারের কার্যালয়ের আশপাশে শাসকদলের কর্মীদের জমায়েত করে বিরোধীদের মনোনয়ন জমায় বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।

এদিন সিপিআইএম নেতা রতন দাস ও শঙ্কর দত্তের নেতৃত্বে প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের সঙ্গে দেখা করে। মোহনপুর, জিরানিয়া ও রানিরবাজারের প্রার্থীদের জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার দাবি জানানো হয়।

কমলপুর, জিরানিয়া, রানিরবাজার, মোহনপুর ও শান্তিরবাজারের প্রার্থীদের সংশ্লিষ্ট জেলাশাসকের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে মনোনয়ন জমার ব্যবস্থা করার দাবি জানিয়েছে বামফ্রন্ট।

তবে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া বিকল্প ব্যবস্থা করা সম্ভব নয় বলে প্রতিনিধি দলকে জানিয়েছেন জেলাশাসক।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha