আহত প্রধান আজাদ মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় পাঠানো হয়েছে, নিরপেক্ষ তদন্তের দাবিতে কলমচৌড়া থানার সামনে পথ অবরোধ
নয়নজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আজাদ মোস্তফাকে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বক্সনগরের দুপুরিয়াবান্দ এলাকা। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও আহত গ্রাম প্রধানের বক্তব্য অনুযায়ী, রবিবার সকালে তিনি নিজের দোকানে ছিলেন। অভিযোগ, সেই সময় বিএসএফের কয়েকজন জওয়ান তাঁর দোকানে ঢুকে তাঁকে মারধর করেন। পরবর্তীতে দোকান থেকে বাইরে বের করে নিয়ে গিয়েও মারধর চালানো হয় বলে অভিযোগ। এমনকি তাঁর মোবাইল ফোনটিও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনায় গুরুতর আহত হন আজাদ মোস্তফা। তাঁকে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য আগরতলায় পাঠানো হয়েছে।
একজন জনপ্রতিনিধির উপর এই ধরনের হামলার অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভকারীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি আহত গ্রাম প্রধানের ন্যায়বিচার ও দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান