পদ্মা সেতু অবরোধ ঘিরে উত্তেজনা, সংঘর্ষের জেরে ৪৫ মিনিট বন্ধ রইল যান চলাচল, পুড়ল ১২-১৩টি মোটরবাইক
বাংলাদেশে রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত পরিস্থিতি। শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দু’জন। রবিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতু অবরোধ করার অভিযোগ ওঠার পরই দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্রমে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন অন্তত ১২ থেকে ১৩টি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এই ঘটনার জেরে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহারের দাবিতে আজ ও আগামীকাল, দু’দিনের দেশব্যাপী ‘লকডাউন’-এর ডাক দিয়েছে আওয়ামী লীগ।
এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান