পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে স্কুলের কাছে বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা। খনি সংস্থার বিস্ফোরক মজুতস্থলে বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রক।
আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারাল ১০ জন পড়ুয়া। আহত হয়েছে আরও ১১০ জন। পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের একটি স্কুলের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আবদুল মতিন কানি।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রাদেশিক রাজধানী আসাদাবাদের আন্দির সির এলাকায় স্কুলটির কাছেই খনি সংস্থাগুলির মালিকানাধীন বিস্ফোরক মজুতস্থলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বহু পড়ুয়া রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কয়েক দশকের সশস্ত্র সংঘাতের জেরে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা এখনও স্থলমাইন এবং অবিস্ফোরিত গোলাবারুদে দূষিত। যুদ্ধের সময় ফেলে যাওয়া এই বিস্ফোরক সামগ্রী সাধারণ মানুষের জীবনকে প্রতিনিয়ত বিপন্ন করে তুলছে। বিশেষ করে শিশুদের জন্য এই ধরনের বিস্ফোরক অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
স্কুলের কাছাকাছি বিস্ফোরণের এই ঘটনায় নতুন করে আফগানিস্তানের নিরাপত্তা ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র অপসারণের বিষয়টি সামনে এসেছে। দীর্ঘ সংঘাতের ক্ষত এখনও যে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে চলেছে, এই মর্মান্তিক ঘটনা তারই আরও এক উদাহরণ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান