Thursday, November 26, 2026
Duga Puja 2026
বাড়ি বিদেশ গাজীপুরে ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুরে ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুরে ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

মহাসড়ক অবরোধে তীব্র যানজট, ২০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

বাংলাদেশের গাজীপুরে তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্ধিত বেতন অপর্যাপ্ত দাবি করে শ্রমিকরা আরও বেশি মজুরির দাবিতে রাজপথে নামেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে, বিশেষ করে নাওজোর ও ভোগড়া বাইপাস এলাকায় অবরোধ সৃষ্টি করেন। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। টঙ্গী ও শ্রীপুরেও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অভিযোগ, বিক্ষোভের একপর্যায়ে কিছু শ্রমিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

গাজীপুর শিল্প পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ বিক্ষিপ্তভাবে অব্যাহত রয়েছে। সকাল ১০টা পর্যন্ত প্রায় ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে ন্যূনতম মজুরি বোর্ড। দীর্ঘ আলোচনার পর ছয় সদস্যের বোর্ড ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়। বোর্ডের চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে মত দেন।

তবে নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। একাংশ এই বেতন বৃদ্ধিকে স্বাগত জানালেও অন্য অংশের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ১৭ হাজার টাকা যথেষ্ট নয়। তাই আরও বেশি মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha