হিমালয়ে হিমবাহ হ্রদের জলস্তর কমিয়ে বিপর্যয় রোধের উদ্যোগ, উপকৃত হবেন লক্ষাধিক মানুষ।
হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্ট হ্রদ ভেঙে আকস্মিক বন্যার (GLOF) ঝুঁকি কমাতে বড়সড় উদ্যোগ নিল নেপাল সরকার। রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP)-র সহযোগিতায় গত ২৫ নভেম্বর ৪৯.৯৪ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। 'GLOF Sanjivani' নামের এই প্রকল্পের মূল লক্ষ্য পাহাড়ি অঞ্চলের বাসিন্দা এবং নদীর নিম্ন অববাহিকায় বসবাসকারী মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা।
কাঠমান্ডুতে আয়োজিত একটি জাতীয় সূচনা কর্মশালার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সূচনা হয়। প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকল্পনা হল উচ্চ পার্বত্য অঞ্চলের চারটি হিমবাহ হ্রদের জলস্তর কমানো। হ্রদগুলি হল মানাং জেলার থুলাগি লেক, সোলুখুম্বু জেলার লুমডিং সো এবং হঙ্গু-২ এবং সংকুভাসভা জেলার লোয়ার বারুন লেক।
পরিকল্পনা অনুযায়ী, থুলাগি, লুমডিং সো এবং লোয়ার বারুন হ্রদের জলস্তর তিন মিটার করে কমানো হবে। অন্যদিকে, হঙ্গু-২ হ্রদের জলস্তর এক মিটার কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদে বিপুল পরিমাণ জল জমা হয়। কোনও কারণে হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে সেই জল প্রবল গতিতে নীচের দিকে নেমে আসে। এর ফলে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে জনবসতি, সড়ক, সেতু, জলবিদ্যুৎ প্রকল্প-সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো।
শুধু হ্রদের জলস্তর কমানোই নয়, প্রকল্পের আওতায় হিমবাহ ও হ্রদগুলির নজরদারি ব্যবস্থা উন্নত করা, আবহাওয়া ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং ঝুঁকিপূর্ণ জনবসতি ও পরিকাঠামো রক্ষায় একাধিক পদক্ষেপ নেওয়া হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে সরাসরি উপকৃত হবেন ৩ লক্ষ ৮৫ হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি নদী অববাহিকার নিম্নাঞ্চলে বসবাসকারী প্রায় ২০ লক্ষ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত চলবে এই প্রকল্প। মোট ৪৯.৯৪ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৩৬.১৬ মিলিয়ন ডলার অনুদান দেবে গ্রিন ক্লাইমেট ফান্ড। নেপাল সরকার দেবে ১১.৩২ মিলিয়ন ডলার, UNDP-র অবদান ২.১৪ মিলিয়ন ডলার এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারদের কাছ থেকে আসবে ০.৩২ মিলিয়ন ডলার।
হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমবাহ গলন ও হ্রদ সৃষ্ট বন্যার আশঙ্কা ক্রমশ গুরুত্বপূর্ণ পরিবেশগত উদ্বেগ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে GLOF Sanjivani প্রকল্প পাহাড়ি জনজীবন ও নিম্ন অববাহিকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান